জামালপুরে চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে সড়কে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলো পুলিশ সদস্যরা। এসময় শেরপুরগামী একটি ট্রাককে তারা দাড়াতে ইশারা করলে এর পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হয় দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।