
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা স্পষ্ট করা এবং এটি বাস্তবায়নের রূপরেখা দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। একই সঙ্গে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার বিষয়টি গণভোটের রায়কে খাটো করেছে বলেও অভিযোগ তুলেছে তারা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে মূল প্রতিপাদ্য ছিল—গণভোটের গণরায় বাস্তবায়ন।
সংলাপে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক কেএম ফাহিম মাশরুর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার এই সনদ বাস্তবায়নে আসলে কী কী পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে নেবে, তার একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে আসা উচিত। স্বচ্ছতা না থাকলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
প্ল্যাটফর্মটির সদস্য সৈয়দ হাসিব উদ্দিন হোসেন বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে বিএনপি মূলত গণভোটের রায়কে অবজ্ঞা করেছে। জনগণের রায়কে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
বক্তারা আরও উল্লেখ করেন, গত জুলাই মাসে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জুলাই সনদের প্রতিটি দফার বাস্তবায়ন জরুরি। গণভোটের মাধ্যমে যে ম্যান্ডেট পাওয়া গেছে, তার প্রতিফলন রাষ্ট্রীয় কাঠামোয় দ্রুত নিশ্চিত করার দাবি জানান তারা।
সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্য সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে, যা দেশ ও জাতির জন্য শুভ নয়।
মন্তব্য করুন