ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে শিরোপা জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের আগে সম্ভাব্য এক প্রতিপক্ষ নিয়ে স্পষ্ট মত দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বিশ্বকাপে আর কখনো মেক্সিকোর মুখোমুখি হতে আগ্রহী নন।
নাহুয়েল গুজমানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ নামক পডকাস্টে আলাপচারিতায় ৩৮ বছর বয়সী এই মহাতারকা খোলামেলা কথা বলেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরে মেসি জানান, হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো তাদের।
মেসি বলেন, ‘বিশ্বকাপ বা বড় আসরে আমাদের প্রায়ই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে হয়। ম্যাচটি ছিল একপ্রকার ‘ডু অর ডাই’ পরিস্থিতির।’
মেসি স্বীকার করেন, সেদিন আর্জেন্টিনা কিছুটা চাপ ও ভয় নিয়েই মাঠে নেমেছিল। আগেভাগে বাদ পড়ার শঙ্কা দলকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন তিনি। বল নিয়ন্ত্রণ, ম্যাচের গতি ঠিক রাখা এবং কৌশলগত শৃঙ্খলার কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে বলে মনে করেন মেসি।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ায় মেক্সিকো ঘরের মাঠের সমর্থন ও পরিচিত পরিবেশের সুবিধা পাবে, যা প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
‘নিজেদের মাঠে খেলার আলাদা প্রভাব থাকে,’ মন্তব্য করেন মেসি। তাই টুর্নামেন্টের শুরুতেই মেক্সিকোর মুখোমুখি না হওয়ার আশাই ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে গ্রুপপর্বে দুই দলের দেখা হচ্ছে না। ‘এ’ গ্রুপে রয়েছে মেক্সিকো। অন্যদিকে ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।