

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময় উদার ভূমিকা পালন করে যাচ্ছি। কোনো বিধিনিষেধ বা কোনো বাধা নেই। আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন আশা করি।
তিনি বলেন, কৃষি ঋণ মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী দিনে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদানের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন বলেন, আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়ে তোলা। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন অতিথিরা।
মন্তব্য করুন