গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি খালের ওপর নির্মিত সেই ঝুঁকিপূর্ণ ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের অবহেলা আর ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত এই ব্রিজটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষের মাঝে। গত ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক **'আমার সংবাদ'**সহ বিভিন্ন গণমাধ্যমে "নাগরপুরে কোনাবাড়ি খালের ব্রিজ এখন মরণফাঁদ: চরম ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং নড়েচড়ে বসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরেজমিনে দেখা গেছে, নাগরপুর-তেবাড়িয়া ভায়া সলিমাবাদ সড়কের ওপর অবস্থিত এই ব্রিজের দুই পাশের ভেঙে পড়া রেলিং ও কার্নিশ নতুন করে মজবুতভাবে নির্মাণ করা হয়েছে। শুধু সংস্কারই নয়, রাতে চলাচলের সুবিধার জন্য ব্রিজে বসানো হয়েছে প্রয়োজনীয় দিক-নির্দেশক ও নতুন রঙ, যা দুর্ঘটনার ঝুঁকি শূন্যে নামিয়ে এনেছে। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, লেখনীর মাধ্যমেই তাদের দুর্ভোগ প্রশাসনের নজরে এসেছে। একজন ভুক্তভোগী চালক বলেন, "আগে এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় জীবন হাতে নিয়ে চলতাম। পত্রিকায় খবর আসার পর দ্রুত কাজ শুরু হয়। এখন আমরা নিরাপদ ও শঙ্কামুক্ত।" স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও ব্রিজের আধুনিকায়নে সন্তোষ প্রকাশ করেছে। ব্রিজের রেলিংগুলো মজবুত হওয়ায় এখন কুয়াশা বা রাতের অন্ধকারেও যাতায়াত নির্বিঘ্ন হয়েছে। এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ তোরাপ আলী জানান, জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। বরাদ্দ পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হয়েছে। এখন ব্রিজটি সর্বসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ। ছবিআছে