

ঝিনাইদহের কোটচাঁদপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৩৫) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চালক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে আলাউদ্দিন কালিগঞ্জের ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি লাটা হাম্বার (ট্রলি) যোগে ইট নিয়ে বড়বামনদহ এলাকায় যান। ইট আনলোড শেষে পুনরায় কালিগঞ্জে ফিরে যাওয়ার পথে বড়বামনদহ মালিথাপাড়ার একটি অরক্ষিত ছোট রেলগেট পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে রাজশাহী থেকে খুলনা অভিমুখী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুত গতিতে চলে আসে এবং ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের প্রবল ধাক্কায় ট্রলিটি দুমড়েমুড়চে যায় এবং চালক আলাউদ্দিন ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে ডান হাত ও কোমরে গুরুতর আঘাত পান। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলগেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার ফলে আজ একজন প্রাণ হারালেন। ঘটনাটি ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন