জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩ হাজার ৬শ পিছ ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক আল-আমিন সিলু ও হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। এসময় তাদের কাছে থাকা ইয়াবা বিক্রির ১ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন সিলু মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামের মৃত মজনু শেখের ছেলে ও আইয়ুব আলী একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে সোমবার রাত ৮ টায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন জানান, মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ পিছ ইয়াবা (যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৫২ হাজার টাকা) ও মাদকদ্রব্য বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে সোমবার রাত ৮ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আল-আমিন সিলু ও আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সকালে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা ও যুবলীগ নেতা সকালে গ্রেপ্তারের পর থেকেই তাদেরকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দল বিএনপির নেতারা দিনভর তদবির করেছে। এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। উভয়ই রাজনৈতিক প্রভাবশালী হওয়ার এলাকার কেউ তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদতো দূরের কথা, টু শব্দটি করার সাহস পায়নি কেউ। মাদক ব্যবসায়ী সিলু ও আইয়ুব গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী ও অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে আল-আমিন সিলুকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।